শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশজামায়াতকে ক্ষমতায় না আনার আহ্বান বিএনপি নেতা মিন্টুর

জামায়াতকে ক্ষমতায় না আনার আহ্বান বিএনপি নেতা মিন্টুর

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াতকে ক্ষমতায় না আনার আহ্বান বিএনপি নেতা মিন্টুর

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী জনগণের উন্নয়ন চায় না; বরং তারা সংঘাত, অরাজকতা ও বিভাজনের রাজনীতি করে। তাই এই দল থেকে যেন কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হতে না পারে—সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সোনাগাজী পৌরসভার রাকিব প্লাজার সামনে ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মিন্টু।


পথসভায় তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি বিভ্রান্তিকর রাজনীতি করে এবং তারা কখনোই দেশের উন্নয়ন করতে পারবে না। তার অভিযোগ, এই দল সুযোগ পেলে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। তিনি আরও দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ সিরিয়া বা লেবাননের মতো পরিস্থিতির দিকে যেতে পারে।


আব্দুল আউয়াল মিন্টু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।


গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, বিএনপি নেতা আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।