নিরাপদ ও উন্নত বাংলাদেশ চাইলে ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে: ডা. তাহের
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী ও দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের বলেছেন, নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে চাইলে ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে। তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছরের ব্যর্থ রাজনীতির পর জনগণের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তারই প্রতিফলন হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পরিবর্তনের পক্ষে মানুষের জোয়ার।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. তাহের বলেন, কোনো সরকারের আমলেই দুর্নীতি কমেনি। বরং যারা আগে ক্ষমতায় ছিল, তাদের সময়েই বাংলাদেশ তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি বলেন, “যদি আবার দুর্নীতি ও নৈরাজ্য চাই, তাহলে সেখানে ভোট দিতে হবে। আর যদি একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ চাই, তাহলে ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে। এ ব্যাপারে জোটের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে।”
নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ২২ জুলাই তাকে ঢাকা থেকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ৫ আগস্টের পরিবর্তনের পর জেল সুপার তাকে ফোন করে জানান, তিনি কথা বলতে পারবেন। তখন তিনি প্রথম ফোন করেন চৌদ্দগ্রামে এবং নির্দেশ দেন, যেন কোনো ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড না হয়। তার দাবি, নেতাকর্মীরা সেই নির্দেশ মেনেছেন এবং কোথাও অন্যায় হামলা হয়নি।
ডা. তাহের আরও বলেন, জামায়াত নৈরাজ্য, হত্যা, লুটপাট, জনগণের হানাহানি কিংবা ফ্যাসিবাদী রাজনীতি চায় না। তারা চায় শান্তির রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠা।
তিনি দাবি করেন, অতীতে ৪৪ জন মন্ত্রীর মধ্যে জামায়াতের দুজন মন্ত্রী ছিলেন এবং তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।