বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তিতে সারা দেশে ৭৪ বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা
বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার প্রথমবারের মতো ঢাকা মহানগরসহ সারা দেশে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করেছে। ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’-এর ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এসব আদালত গঠন করা হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরে তিনটি এবং চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। পাশাপাশি গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগরের জন্য একটি করে পৃথক বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। ফলে মহানগর পর্যায়ে মোট ১১টি বাণিজ্যিক আদালত কার্যকর হচ্ছে। মহানগরের আদালতসহ জেলা পর্যায়ে মিলিয়ে সারা দেশে মোট বাণিজ্যিক আদালতের সংখ্যা দাঁড়াল ৭৪টি।
ঢাকা মহানগরের তিনটি বাণিজ্যিক আদালতের আওতায় বিভিন্ন থানা এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। একইভাবে চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালতের অধিক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম জেলার মহানগর এলাকার বাইরের অংশের জন্যও আলাদা বাণিজ্যিক আদালত নির্ধারিত থাকবে।
ঢাকার বাইরে দেশের সব জেলা ও গুরুত্বপূর্ণ মহানগরে বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল—প্রতিটি বিভাগে জেলা ও মহানগরভিত্তিক আদালতের মাধ্যমে বাণিজ্যিক মামলা পরিচালিত হবে।
সরকারের আশা, এসব বাণিজ্যিক আদালত চালুর ফলে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে গতি আসবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে।