চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনী জানায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী আলেয়াপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে আটক ইমরান ও সজিবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র এবং একটি বিপি উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।