আশুলিয়ায় ৭ হত্যা ও মরদেহ পোড়ানোর মামলার রায় আজ
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয়টি মরদেহ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন আসামির বিরুদ্ধে রায় দেয়া হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর মধ্যে এটি তৃতীয় রায়।
মামলার ১৬ আসামির মধ্যে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, এএসপি শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার বর্তমানে গ্রেফতার রয়েছেন। অন্যদিকে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন এখনো পলাতক।
এ মামলায় মোট ২৩ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন পক্ষ দাবি করেছে, তারা অভিযোগ প্রমাণে শক্ত প্রমাণ উপস্থাপন করেছে। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানিয়েছেন। রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।