পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচির ঘোষণা আসছে
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর শাহবাগ এলাকা ত্যাগ করেছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সংগঠনের নেতাদের নির্দেশনায় তারা স্থান ত্যাগ করেন।
ঘটনাস্থলে উপস্থিত এক নেতা জানান, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরের নির্দেশ অনুযায়ী কর্মীদের আপাতত ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, আগামীকাল সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় সেখানে ডাকসুর দুই নেতা এবি জুবাইর ও মুসাদ্দেক আলী উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, কিছু পক্ষ সাধারণ মানুষের ভিড়ে মিশে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। পোস্টে শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবি এবং নির্বাচনকে বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়।