মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে আহত অন্তত ৮
মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০টি হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এই সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর অনুসারীদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারী (১৮)কে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রোকন হাওলাদার (৩৫)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া সেলিমা হাওলাদার, আলবিদ হাওলাদার ও তুষার হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।