শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশটেকনাফে মায়ানমারের গুলিতে আহত ৯ বছরের হুজাইফা আফনান মৃত্যুবরণ

টেকনাফে মায়ানমারের গুলিতে আহত ৯ বছরের হুজাইফা আফনান মৃত্যুবরণ

favicon
ভোরের আলো ডেস্ক:
টেকনাফে মায়ানমারের গুলিতে আহত ৯ বছরের হুজাইফা আফনান মৃত্যুবরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত তৃতীয় শ্রেণির ছাত্রী হুজাইফা সুলতানা আফনান আজ (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন।


হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা শাখাওয়াত।


পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ২৭ দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চললেও গুলি বের করা সম্ভব হয়নি, যার ফলে ৯ বছর বয়সী শিশুটি জীবনযুদ্ধে হার মানে।


হুজাইফার মা সুমাইয়া আক্তার বলেন, “ও আমার কলিজার পুতুলি। একবার মা বলে ডাকত, আজ কিছুই নেই।” বাবা মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, “মেয়ে প্রতিদিন জিজ্ঞেস করত—‘বাবা কোথায়?’ চকলেট আর কোক আনার কথা মনে করিয়ে দিত। এখন সেই ডাক আর শুনব না।”


ফুফু নাছিমা আক্তার সীমান্ত নিরাপত্তার দুর্বলতার জন্য এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, “হুজাইফা কোনো যুদ্ধ করেনি, তবুও গুলির শিকার হলো। রাষ্ট্রের উচিত ছিল তার চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেওয়া।”


উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছা ব্রিজ এলাকায় মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা। সে লম্বাবিল গ্রামের বাসিন্দা এবং লম্বাবিল হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।


হুজাইফার মৃত্যুর খবরে তার বাড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।