১১ বিদেশি পিস্তল ও ৩৯৪ গুলিসহ গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ দিপুর ৫ দিনের রিমান্ড
রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান দিপু ওরফে বিপুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাড্ডা থানার অস্ত্র আইনের মামলায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, সুব্রত বাইনের সহযোগী হিসেবে পরিচিত দিপু দীর্ঘদিন ধরে বাড্ডা-ভাটারা এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার মধ্য বাড্ডার বেপারিপাড়া এলাকার একটি বাড়ি থেকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার বাসার একটি ফ্ল্যাট থেকে ১১টি বিদেশি অত্যাধুনিক পিস্তল, ৩৯৪টি গুলি, পিস্তলের ৮টি ম্যাগাজিন, একটি উজি মেশিনগান রাইফেল ও সংশ্লিষ্ট ম্যাগাজিন, কার্তুজ, বিভিন্ন ধারালো অস্ত্র, ওয়াকিটকি এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, সুব্রত বাইন গ্রেপ্তার হওয়ার পর রাজধানীর রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকার অপরাধচক্রের নিয়ন্ত্রণে ছিলেন দিপু। তিনি চাঁদাবাজি, অস্ত্র ভাড়া দেওয়া এবং ভাড়াটে খুনি হিসেবে কাজ করার অভিযোগেও নজরদারিতে ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সুব্রত বাইন ও আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ গত বছরের মে মাসে কুষ্টিয়ায় গ্রেপ্তার হওয়ার পর তাদের অস্ত্র ও অপরাধ নেটওয়ার্ক পরিচালনা করতেন দিপু। তদন্তকারীরা ধারণা করছেন, তাদের কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, রাজধানীতে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গেও এই চক্রের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এর মধ্যে গত বছরের মার্চে গুলশানে সুমন নামের এক ব্যবসায়ী হত্যা এবং হাতিরঝিলে যুবদল নেতা মো. আরিফ সিকদার হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্রের উৎস, সহযোগীদের পরিচয় এবং অপরাধচক্রের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।