শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালত১১ বছরের গৃহকর্মী নির্যাতন মামলা: বিমান বাংলাদেশের সাবেক এমডিসহ চারজনের ৭ দিনের রিমান্ড আবেদন

১১ বছরের গৃহকর্মী নির্যাতন মামলা: বিমান বাংলাদেশের সাবেক এমডিসহ চারজনের ৭ দিনের রিমান্ড আবেদন

favicon
ভোরের আলো ডেস্ক:
১১ বছরের গৃহকর্মী নির্যাতন মামলা: বিমান বাংলাদেশের সাবেক এমডিসহ চারজনের ৭ দিনের রিমান্ড আবেদন

১১ বছর বয়সী শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।


রোববার (৮ ফেব্রুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক রোবেল মিয়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে এ আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন।


এর আগে গত ২ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর শফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং বাসার অপর দুই গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগমকে কারাগারে পাঠানো হয়। এ মামলায় ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়ে নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন।


মামলার অভিযোগ অনুযায়ী, উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসায় শিশু মোহনাকে গত বছরের জুন মাসে গৃহকর্মী হিসেবে রাখা হয়। সর্বশেষ গত ২ নভেম্বর শিশুটিকে সুস্থ অবস্থায় দেখেছিলেন তার বাবা। পরে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।


গত ৩১ জানুয়ারি শিশুটি অসুস্থ বলে জানানো হলে তাকে নিয়ে গিয়ে দেখা যায়, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে এবং সে ঠিকমতো কথা বলতে পারছিল না। পরে হাসপাতালে ভর্তি করা হলে শিশুটি জানায়, তাকে নিয়মিত মারধর করা হয়েছে এবং গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়েছে।


এ ঘটনায় শিশুটির বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা দায়ের করেন।