ঢাকা-১ আসনে একই দিনে বিএনপি-জামায়াতের সমাবেশ, বাড়তি সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে একই দিনে পৃথক সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। দুই দলের কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা যাচ্ছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে নির্বাচনী সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে নির্বাচনী পরিকল্পনা ও রাজনৈতিক বক্তব্য তুলে ধরবেন।
অন্যদিকে একই দিনে জয়পাড়া বড় মাঠে পৃথক মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে দলের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ডাকসু ভিপি সাদিক কায়েমসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।
জামায়াত নেতারা জানিয়েছেন, দোহার-নবাবগঞ্জের উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
দুই দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতা নিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ ও সংযত আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে এটি দুই দলের বড় শক্তি প্রদর্শনের মঞ্চ হতে পারে। সমাবেশে উপস্থিতি ও জনসমর্থনের মাধ্যমে ভোটের মাঠে কার প্রভাব বেশি—তার ইঙ্গিত পাওয়া যেতে পারে।