ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাকে সমর্থন দিল জাতীয় পার্টি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানা ও জাতীয় পার্টির নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী বলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও হুমকির মুখে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে দলটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নির্দেশ দিয়েছেন—দলের সব নেতা-কর্মী যেন রুমিন ফারহানার পক্ষে কাজ করেন। এ সিদ্ধান্তকে তিনি রুমিন ফারহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও রাজনৈতিক প্রতিদান হিসেবেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বলেন, জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন না করার ঘোষণা দেওয়ার পর দলটি সংগঠিতভাবে ‘হাঁস’ প্রতীকের প্রতি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। আগে নির্বাচন সম্পন্ন করতে হবে এবং জয় নিশ্চিত করতে হবে, এরপর ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।
রুমিন ফারহানা আরও বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন রয়েছে। এই নির্বাচনে যেন কোনোভাবেই পেশীশক্তি, কালো টাকা, ভয়-ভীতি বা হুমকির মাধ্যমে ভোটারদের ভোটাধিকার হরণ না করা হয়—এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি অভিযোগ করেন, তাঁর নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে, রাতে ফোন করা হচ্ছে এবং অনেককে বাড়িতে ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এতে এলাকায় একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।