১১ দলীয় জোট দুর্নীতিমুক্ত সরকার গঠনের অঙ্গীকার
জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ক্ষমতায় এলে ১১ দলীয় জোট দুর্নীতি করবে না এবং কাউকে করতেও দেবে না। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রমাণ করেছে—দুর্নীতি ছাড়াও রাষ্ট্র পরিচালনা সম্ভব। আমাদের মন্ত্রীরা অতীতে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের মাধ্যমে নজির রেখেছেন।
ডা. তাহের সোমবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের নাঙ্গলকোট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্য সমর্থিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন:
“দেশের মানুষ বারবার দুর্নীতির বিরুদ্ধে কথা শুনলেও বাস্তবে তার প্রতিফলন দেখেনি। ইনশা-আল্লাহ আগামী দিনে ১১ দলীয় ঐক্য সরকার গঠিত হবে। সেই সরকার হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক।”
তিনি আরও অভিযোগ করেন, যে দল একাধিকবার দুর্নীতির অভিযোগে সমালোচিত হয়েছে, তারাই আবার জাতিকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার আশ্বাস দিচ্ছে; অথচ বাস্তবতা ভিন্ন।
নাঙ্গলকোট-লালমাই এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন:
“দাঁড়িপাল্লা প্রতীকে ইয়াছিন আরাফাতকে বিজয়ী করা হলে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার সার্বিক চিত্র বদলে যাবে। উন্নয়ন হবে পরিকল্পিত ও বৈষম্যহীন।”
জনসভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত, যিনি বলেন, তারা প্রতিহিংসার রাজনীতি নয়, বন্ধুত্ব ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।
সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমির অ্যাডভোকেট শাহজাহান, এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, জামায়াত নেতা ড. দেলোয়ার হাসেন, ছাত্রশিবির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী, সিআইপি এনআরবি গোলাম কবির ভূঁইয়া, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহম্মেদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।