শিশু গৃহকর্মী নির্যাতন মামলা: সাবেক বিমান এমডি শফিকুর ও স্ত্রী বিথীর রিমান্ড মঞ্জুর
১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমানের পাঁচ দিন এবং তার স্ত্রী বিথীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় দুই গৃহকর্মী রুপালী খাতুনের পাঁচ দিন এবং মোছা. সুফিয়া বেগমের ছয় দিনের রিমান্ড অনুমোদন করা হয়েছে।
এদিন কারাগারে থাকা চার আসামিকে পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়। শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর শফিকুর রহমান ও তার স্ত্রীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক রোবেল মিয়া সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১০ ফেব্রুয়ারি শুনানির দিন নির্ধারণ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, উত্তরা ৯ নম্বর সেক্টরে শফিকুর রহমানের বাসায় শিশু দেখাশোনার কাজের জন্য মোহনাকে গত বছরের জুনে নেওয়া হয়। সর্বশেষ গত ২ নভেম্বর তাকে সুস্থ অবস্থায় দেখেন তার বাবা। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
গত ৩১ জানুয়ারি অসুস্থতার কথা জানিয়ে মোহনাকে পরিবারের কাছে হস্তান্তর করা হলে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ রয়েছে, শফিকুর রহমান ও তার স্ত্রীসহ অন্যরা তাকে মারধর এবং গরম খুন্তি দিয়ে ছেঁকা দেন। এ ঘটনায় শিশুটির বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা করেন।