শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশকুমিল্লা-৪ আসনে ভোটারদের হুমকির অভিযোগে তলব মঞ্জুরুল আহসান মুন্সীকে

কুমিল্লা-৪ আসনে ভোটারদের হুমকির অভিযোগে তলব মঞ্জুরুল আহসান মুন্সীকে

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লা-৪ আসনে ভোটারদের হুমকির অভিযোগে তলব মঞ্জুরুল আহসান মুন্সীকে

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপের কারণে প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সীকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তলব করেছে। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে তাকে আজ বুধবার বেলা আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা-৪ আসনের কমিটি জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুমের মাধ্যমে এ নির্দেশনা দেন। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম লিখিতভাবে অভিযোগ দাখিল করেন। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


মঞ্জুরুল আহসান মুন্সী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দল তাকে বহিষ্কার করলেও তিনি তার জীবনভর বিএনপিকে ধারণ করবেন। তিনি অভিযোগ করেন, মনোনয়ন পাওয়ার পরও একটি মহল তাকে নির্বাচন থেকে দূরে রেখেছে। তিনি বলেন, দেবীদ্বার আসনে বিএনপির প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি।


তিনি আরও আহ্বান জানান, আগামী নির্বাচনে ট্রাক প্রার্থীকে ভোট দিয়ে এ আসনের বিজয় নিশ্চিত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা হোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’ এই মন্তব্যের পর তীব্র সমালোচনা শুরু হয় এবং বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।


উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঋণখেলাপের কারণে তার প্রার্থিতা আদালতের আদেশে বাতিল হয়। পরে বিএনপি গণ-অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন জানায়। নির্বাচনের শেষ দিনে, দেবীদ্বার উপজেলার বাকসার গ্রামে আয়োজিত উঠান বৈঠকে মঞ্জুরুল মুন্সী এই বিতর্কিত মন্তব্য করেন। এ আসনে আরও একজন প্রার্থী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।