সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াত নেতা বেলালের কাছে ৭৪ লাখ টাকা উদ্ধার
সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সঙ্গে থাকা নগদ অর্থের পরিমাণ ৭৪ লাখ টাকা বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। টাকা গণনা করার পর এ তথ্য জানা যায়। যদিও আটকের পর দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছিলেন, তার কাছে ৫০ থেকে ৬০ লাখ টাকা ছিল এবং সেটি তার ব্যবসার অর্থ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ঠাকুরগাঁওয়ের সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দেন এবং লাগেজে থাকা অর্থ গার্মেন্টস ব্যবসার বলে দাবি করেন। জামায়াতের পক্ষ থেকেও বলা হয়েছে, এই অর্থ তার ব্যবসার এবং ঘটনাটি সাজানো।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অর্থের উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে। যথাযথ প্রমাণ না পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়ার পর তাকে আটক করা হয়। এ ঘটনায় মান্নান নামে আরও একজনকে আটক করা হয়েছে।
আটকের পর জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে বেলাল উদ্দিন প্রধানকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।