শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশসিরাজগঞ্জ-৩ আসনে ভোটের আগের রাতে প্রভাব বিস্তারের অভিযোগ, ৪ বিএনপি নেতাকর্মীকে জরিমানা

সিরাজগঞ্জ-৩ আসনে ভোটের আগের রাতে প্রভাব বিস্তারের অভিযোগ, ৪ বিএনপি নেতাকর্মীকে জরিমানা

favicon
ভোরের আলো ডেস্ক:
সিরাজগঞ্জ-৩ আসনে ভোটের আগের রাতে প্রভাব বিস্তারের অভিযোগ, ৪ বিএনপি নেতাকর্মীকে জরিমানা

সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জ উপজেলার কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের রাতে প্রভাব বিস্তারের অভিযোগে চারজন বিএনপি নেতাকর্মীকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। একই ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ব্রহ্মগাছা ইউনিয়নের ওই কেন্দ্রে অভিযান চালানো হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন—৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী, সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য নুরনবী এবং ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলম মণ্ডল।

প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখ বর্তমানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুড়কা শাখায় ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। একই কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযানের সময় সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ-৩ আসনটি রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আয়নুল হকসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।