এই নির্বাচন নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪১ মিনিটে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় ভোট দেন মির্জা ফখরুল। এর আগে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
ভোটদান শেষে তিনি বলেন, দেশকে সুষ্ঠু গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনতে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা নতুনভাবে শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, গত সময়ে লক্ষ লক্ষ মানুষ গুম, নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন। চব্বিশের জুলাইয়ে প্রায় দুই হাজার ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। “এত আত্মত্যাগের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি, নির্বাচনটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে,” বলেন তিনি।
এদিকে, তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা।
উল্লেখ্য, জেলায় তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ১৫ হাজার ৮০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ১৪ হাজার ৯৮৬ জন এবং নারী ভোটার ৬ লাখ ৮১৪ জন।