ভোটারদের ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারি
ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারি ভোটারদের ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে ড. আজহারি লিখেছেন, “আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।”
তিনি আরও উল্লেখ করেন, গণভোটের অধিকাংশ বিষয় ইতিবাচক এবং দেশের ভবিষ্যতের কথা বিবেচনা করে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই উত্তম বিকল্প। রাষ্ট্র কাঠামোর সংস্কার ও ক্ষমতার কেন্দ্রীভূতকরণ রোধে ভোট প্রদান গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া ভবিষ্যতে কোনো মূল্যবোধবিরোধী আইন প্রণয়নের চেষ্টা হলে দেশের ধর্মপ্রাণ জনগণ তা প্রতিহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. আজহারি।
দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠা করুন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিন।