শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশসুষ্ঠু নির্বাচন হলে পরাজয় মেনে নেব: ব্যারিস্টার ফুয়াদ

সুষ্ঠু নির্বাচন হলে পরাজয় মেনে নেব: ব্যারিস্টার ফুয়াদ

favicon
ভোরের আলো ডেস্ক:
সুষ্ঠু নির্বাচন হলে পরাজয় মেনে নেব: ব্যারিস্টার ফুয়াদ

বরিশালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও শঙ্কা ও ভয়ভীতির আশঙ্কা রয়েছে বলে দাবি করেছেন বরিশাল-৩ আসনের এবি পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, যৌক্তিক কারণ ছাড়া ভোট বর্জনের কোনো ইচ্ছা তার নেই। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে পরাজয় হলেও ফলাফল মেনে নেবেন বলেও জানান তিনি।

এদিকে সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোট।

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন ১ লাখ ৮ হাজারের বেশি।

প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা জোরদারে বাহিনীর সদস্যদের হাতে দেওয়া হয়েছে ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা। পাশাপাশি বিশৃঙ্খলা বা সহিংসতার তথ্য দ্রুত জানাতে চালু রয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর ৩৩৩।

এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে ভোট গ্রহণ হচ্ছে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে।

৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।

এ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিয়েছেন। মোট ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসী ব্যালট দেশে পৌঁছেছে। এর মধ্যে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২ লাখ ৭০ হাজার ৩৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। এসব পোস্টাল ব্যালট মূল ভোট গণনার সঙ্গে যুক্ত করা হবে।

২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক। এছাড়া ৫৫ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক মাঠে রয়েছেন। ইসি জানিয়েছে, সবাই নির্ধারিত গাইডলাইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

গণভোটের কারণে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়িয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে। এরপর কেন্দ্রেই ভোট গণনা শুরু হবে এবং ফলাফলের বিবরণী কেন্দ্রের নোটিশ বোর্ডে টানানো হবে। নির্বাচন কমিশন আশা করছে, ১৩ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ফলাফল জানা যাবে।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটিই প্রথম সাধারণ নির্বাচন। দীর্ঘ সংস্কার প্রক্রিয়ার পর অনুষ্ঠিত এ নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে যেমন ব্যাপক আগ্রহ রয়েছে, তেমনি রয়েছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা। এখন ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় পুরো দেশ।