গোপালগঞ্জ-৩ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, টুঙ্গিপাড়ায় দুপুর পর্যন্ত ভোট পড়েছে ১৯.২০%
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সেখানে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ২০ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথমদিকে উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পায়। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের অংশগ্রহণ তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে।
কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো উপস্থিতি ও টহল দেখা গেছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সারা দেশে প্রথম সাড়ে চার ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি।
ইসি সচিব আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় পরপর ভোটের সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানাবে।