১৫ ফেব্রুয়ারির মধ্যেই সরকার গঠন: মির্জা ফখরুল
১৫ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি বলেন, দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা ও সমর্থনের ফল।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দল এবং দীর্ঘদিনের রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে উগ্রবাদের উত্থান ঘটেছে। তার মতে, ফ্যাসিস্ট শক্তির কারণে বিভিন্ন রাজনৈতিক দলের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামী তুলনামূলক ভালো করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, ‘জুলাই সনদে’ বিএনপি যে অঙ্গীকারগুলো করেছে, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচিও পূরণ করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।
সংসদে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির লক্ষ্যে বিএনপি কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।