পটুয়াখালী-৩: নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর বিজয় উৎসর্গ করলেন জনগণের প্রতি
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার বিজয়কে এলাকায় বসবাসরত জনগণের প্রতি উৎসর্গ করেছেন। বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে আবেগঘন বার্তা প্রকাশ করেন।
পোস্টে তিনি লিখেছেন, এই বিজয় গলাচিপা-দশমিনার জনগণের। তাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজনৈতিক ব্যস্ততার কারণে সরাসরি সবার কাছে যেতে না পারলেও সাধারণ একজন মানুষ হিসেবে তাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নুর। তিনি উল্লেখ করেছেন, জনগণের প্রত্যাশা তাকে ভবিষ্যতে আরো দায়িত্বশীল ও ন্যায়পরায়ণভাবে কাজ করতে প্রেরণা জোগাবে।
নুরুল হক নুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, পটুয়াখালী জেলা প্রশাসন, গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসন এবং দায়িত্ব পালনকারী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও ধন্যবাদ ও শুভেচ্ছা জানান বিএনপি, গণ অধিকার পরিষদ (জিওপি), অন্যান্য রাজনৈতিক দল, দরবার শরীফের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সমর্থকদের।