মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমরাজনীতিবিজয়ের পর ইতিবাচক রাজনীতির বার্তা: জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

বিজয়ের পর ইতিবাচক রাজনীতির বার্তা: জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
বিজয়ের পর ইতিবাচক রাজনীতির বার্তা: জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশের রাজনীতিতে ইতিবাচক ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উদ্যোগের অংশ হিসেবে আজ রবিবার সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।


বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই বৈঠকগুলো আয়োজন করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় এবং রাত ৮টার দিকে বাড্ডায় এনসিপি আহ্বায়কের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।


এদিকে, দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় নিয়ে প্রায় দুই দশক পর সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় এবং এর মধ্যে ২৯৭টির ফলাফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। তাদের মিত্র দলগুলো পেয়েছে তিনটি আসন।


অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে এবং দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।