মঙ্গলবার শপথ নিচ্ছে নতুন সরকার, ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে। শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক উপস্থিতি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীন, ভারত ও পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠনের প্রস্তুতিতে থাকা বিএনপির একাধিক সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা শনিবার রাতে জানান, বিএনপির নীতিনির্ধারণী নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই বিদেশি সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি নেতৃত্বাধীন জোট।
নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা একই দিন সকালে শপথ নেবেন। তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।