শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশডাকাতের গুজবে বরগুনার বেতাগীতে আতঙ্ক, রাতজুড়ে সতর্কতা ও টহল

ডাকাতের গুজবে বরগুনার বেতাগীতে আতঙ্ক, রাতজুড়ে সতর্কতা ও টহল

favicon
ভোরের আলো ডেস্ক:
ডাকাতের গুজবে বরগুনার বেতাগীতে আতঙ্ক, রাতজুড়ে সতর্কতা ও টহল

বরগুনার বেতাগী পৌর শহর ও আশপাশের কয়েকটি গ্রামে ডাকাত ঢোকার গুজবকে কেন্দ্র করে শনিবার গভীর রাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে বিভিন্ন এলাকার মসজিদে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হয় এবং বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ে।


পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও নৌবাহিনীর বেতাগী শাখার সদস্যরা যৌথভাবে অভিযান ও টহল জোরদার করেছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা দলবেঁধে রাত জেগে পাহারা দিচ্ছেন বলে জানা গেছে।


স্থানীয়দের দাবি, রাতে অপরিচিত কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা গেছে এবং কোথাও কোথাও বাড়ির গেট ও টিনের বেড়া নেড়ে দেখার অভিযোগ ওঠে। এসব ঘটনার পর থেকেই ডাকাত প্রবেশের খবর ছড়িয়ে পড়ে।


পৌর শহরের কলেজ রোড, বাসস্ট্যান্ডসহ কয়েকটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী টহল দল গঠন করা হয়েছে। তারা বাঁশি, লাঠি ও টর্চলাইট নিয়ে বিভিন্ন সড়ক ও গলিতে টহল দিচ্ছেন এবং সন্দেহজনক কাউকে দেখলে স্থানীয়দের জানাতে বলা হয়েছে।


তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ডাকাতির নিশ্চিত ঘটনা পাওয়া যায়নি। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে। গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।