হাতিয়ার সহিংসতার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং দলীয় নেতাকর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের বাংলামোটর কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
বিক্ষোভে হাতিয়ায় সংঘটিত গণধর্ষণের অভিযোগের সুষ্ঠু বিচার দাবি জানানো হয়। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে নারীদের রাজপথে নামার আহ্বানও জানানো হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, শপথ গ্রহণের আগেই সারাদেশে সহিংসতা ও নৈরাজ্যের অভিযোগ উঠছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।