শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশবরিশাল-২ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বরিশাল-২ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
বরিশাল-২ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আট প্রার্থীর মধ্যে ছয়জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হয়েছে।


জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির (জেপি) আব্দুল হক, যিনি বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট; জাতীয় পার্টির এম এ জলিল, লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট; ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ নেছার উদ্দিন, হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২১ ভোট।


এ ছাড়া বাংলাদেশ জাসদের মো. আবুল কালাম আজাদ (মোটরগাড়ি প্রতীক) পেয়েছেন ১৩৫ ভোট, গণ অধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ (ট্রাক প্রতীক) পেয়েছেন ৭০০ ভোট এবং এনপিপির সাহেব আলী (আম প্রতীক) পেয়েছেন ১৮৫ ভোট। এই আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭৫।


বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, নির্বাচনী বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের অন্তত এক-অষ্টমাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাব অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।


উল্লেখ্য, বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট।