জুলাই গণঅভ্যুত্থান মামলা: রায় ৪ মার্চ ঘোষণা করবে ট্রাইব্যুনাল
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে রায় আগামী ৪ মার্চ ঘোষণা করা হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন।
মামলায় গ্রেফতার রয়েছেন রামপুরা থানার তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। অন্যদিকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া পলাতক রয়েছেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক পর্ব শেষ হয়। ওইদিন আসামিপক্ষ তাদের খালাস দাবি করলেও রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়। মামলায় মোট ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।