মঙ্গলবার এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করানো হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পরিচালনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি পরে নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের শপথের পর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।
আইন উপদেষ্টা জানান, প্রচলিত রীতি অনুযায়ী বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (সাউথ প্লাজা) বিকেল ৪টায় আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে বিএনপি তাদের আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজনের কারণ হিসেবে তিনি জানান, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ সাম্প্রতিক নানা ঐতিহাসিক ঘটনার সঙ্গে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজার বিশেষ সম্পর্ক রয়েছে, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ।
আমন্ত্রিত অতিথিদের বিষয়ে তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রণের দায়িত্ব পালন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে বিদেশি কোনো প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি।