১৮ মাসের জন্য নির্বাচিত সরকারকে সব বিচার করা যায় না: সৈয়দা রিজওয়ানা
তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারে থাকা ১৮ মাসে নিজেরা যা করতে পারি, তাই করেছি। তিনি বলেন, “১৮ মাসে সফলতা বা ব্যর্থতা পুরোপুরি বিচার করা সম্ভব নয়। যদি ১৮ মাসেই সবাই সফল বা ব্যর্থ হয়, তাহলে ধরে নেওয়া হবে যে কোনো নির্বাচিত সরকার ১৮ মাসের বেশি টিকে থাকতে পারবে না।”
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচিত সরকাররা সাধারণত পাঁচ বছর সময় পান। একটি কাজ পরিকল্পনা করে শুরু করতেও ছয়-সাত মাস লাগে। বাংলাদেশে ছোট বা বড় কাজ দেড়-দুই বছরের আগে সম্ভব নয়।”
রিজওয়ানা হাসান আরও বলেন, “আমি আমার সর্বোচ্চটুকু করেছি। সফলতা বা ব্যর্থতার খতিয়ান আমি নিজ থেকে দিচ্ছি না। জনগণ যেভাবে মূল্যায়ন করবে, ঠিক তেমনই হবে।”
পরিবেশ উপদেষ্টা বলেন, “আমরা দুর্যোগপূর্ণ, সংকটময় সময়ে দায়িত্ব নিয়েছি। অনেকেরই দুই-তিনটি মন্ত্রণালয় সামলাতে হয়েছে। আমরা চেষ্টা করেছি ঝামেলা কমাতে এবং সমস্যা দূর করতে। সব কাজ দেড় বছরে সম্ভব নয়। বাকি কাজগুলো পরবর্তী সরকার করবে, তাদের আমরা শুভকামনা জানাই।”