দায়িত্ব ছাড়তে চান আইজিপি বাহারুল আলম, গ্রহণ করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে রোববার বিকেল পর্যন্ত তার পদত্যাগ গ্রহণ করা হয়েছে কি না— সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় তিনি কর্মকর্তাদের কাছে দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানান। উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। পরে দুপুরের দিকে তিনি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পদত্যাগপত্র পাওয়া গেছে বলে শোনা গেলেও এখনো তা গ্রহণ করা হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র গ্রহণ না করা পর্যন্ত তিনি আইজিপি পদেই বহাল থাকবেন।
গত জানুয়ারিতে তিনি সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন বলেও জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে পরিবর্তনের ধারাবাহিকতায় একই বছরের ২১ নভেম্বর তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের ২০ নভেম্বর।
পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নির্বাচন শেষে দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি আগে থেকেই ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত দিয়ে আসছিলেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সরকার মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।