জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর শনিবার থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রচলিত রীতি পরিবর্তন করে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া। অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
নিয়ম অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি সংসদীয় বোর্ডের সভা করবে। সেখানে সংসদীয় নেতা নির্বাচন করা হবে। পরে সেই নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন করবেন।
রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন। রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ বাধ্যতামূলক। নির্বাচন কমিশন শুক্রবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে। এ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।