নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে আজ রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, নির্বাচন-পরবর্তী দুই দিনে দেশের ৩০ জেলায় সহিংসতায় শিশুসহ তিনজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
নির্বাচনের ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে এবং জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয়লাভ করেছে। দলভিত্তিক হিসেবে বিএনপি পেয়েছে ২০৯টি, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস ও গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।
নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াত পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। পাশাপাশি গণভোটে ভোটদানের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।