ফেসবুক পোস্টে অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি নাছির উদ্দীন নাছিরের
নোয়াখালীর হাতিয়ায় আলোচিত ‘ধর্ষণ’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের উদ্দেশে এ দাবি জানান।
পোস্টে তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া ধর্ষণ সংক্রান্ত যে অভিযোগ ছড়ানো হয়েছিল, স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী তা ভিত্তিহীন ও অসত্য বলে প্রতীয়মান হয়েছে। তার দাবি, সংবেদনশীল বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নথিভুক্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে অন্যত্র গিয়ে ঘটনা ঘটানোর অভিযোগ বাস্তবতার সঙ্গে অসঙ্গত বলে তিনি দাবি করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, ধর্ষণের মতো স্পর্শকাতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তিনি সংশ্লিষ্টদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি অপপ্রচারের দায় স্বীকারের আহ্বান জানান।