মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমরাজনীতি‘ভোট চুরি নয়, ভোট ডাকাতি হয়েছে’—১১ দলীয় ঐক্যের সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

‘ভোট চুরি নয়, ভোট ডাকাতি হয়েছে’—১১ দলীয় ঐক্যের সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

favicon
ভোরের আলো ডেস্ক:
‘ভোট চুরি নয়, ভোট ডাকাতি হয়েছে’—১১ দলীয় ঐক্যের সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি নয়, বরং ‘ভোট ডাকাতি’ হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর বিভিন্ন স্থানে হামলার ঘটনাও ঘটছে এবং এসব ঘটনার হিসাব নেওয়া হবে।


সোমবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ১১ দলীয় ঐক্যের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিরোধী দল হিসেবে ১১ দলীয় ঐক্য রাজপথে সক্রিয় থাকবে এবং হাদি হত্যার বিচারের দাবি অব্যাহত রাখবে। একই সঙ্গে তারা ভবিষ্যতে দ্বিগুণ শক্তি নিয়ে সংসদে অংশ নেওয়ার কথাও বলেন।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি নির্বাচনবিরোধী নয়; বরং গণতন্ত্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। ভোটে অনিয়ম, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে নির্বাচনে কারচুপি ও অর্থের বিনিময়ে ভোট কেনাবেচার বিষয় উঠে এসেছে। তার মতে, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।


খেলাফত মজলিসের সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল বলেন, নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা ফ্যাসিবাদী প্রবণতার ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, এ ধরনের প্রবণতা দেশে টিকে থাকতে পারবে না।


জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি এবং নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে সহিংসতার ঘটনা ঘটেছে।


এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, ভোটাধিকার নিয়ে ‘তামাশা’ করা হয়েছে এবং ফলাফল প্রভাবিত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, সহিংসতার মাধ্যমে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।