শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ত্রয়োদশ সংসদ: বিএনপির নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ, সংসদ ভবনে উৎসুক জনতার ভিড়

ত্রয়োদশ সংসদ: বিএনপির নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ, সংসদ ভবনে উৎসুক জনতার ভিড়

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ সংসদ: বিএনপির নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ, সংসদ ভবনে উৎসুক জনতার ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল প্রায় পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ অনুষ্ঠিত হয়।


নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।


শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল ৯টার পর থেকেই একে একে নির্বাচিত এমপিদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। একই সময় সংসদ ভবনের সামনে কৌতূহলী মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয়।


সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের বিষয়টি নিয়েও আলোচনা ছিল। তবে সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নেবেন না।


শপথ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান উপস্থিত ছিলেন।


গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে বিএনপি ও তাদের শরিকরা ২১২টি আসনে এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়ী হয়েছে। বিএনপি ও তাদের শরিকদের শপথ শেষে দ্বিতীয় ধাপে ১১ দলীয় জোটের বিজয়ীরা শপথ নেবেন। এ উপলক্ষে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ সংশ্লিষ্ট নেতাদের সংসদ ভবনে উপস্থিত থাকতে দেখা গেছে।