শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তুত ৫০টি গাড়ি ও গানম্যান
নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ৫০টি গাড়ি চেয়ে চিঠি দিয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তর (পরিবহন পুল) এ গাড়ি সঙ্গে গানম্যানসহ কিছুক্ষণের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে। এরপর দুপুরের আগেই সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাসায় গাড়িগুলো পৌঁছে যাবে। শপথ অনুষ্ঠান চলাকালীন মন্ত্রীরা এই গাড়ি ব্যবহার করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে। শপথের দুই ঘণ্টা পর বিকাল ৪টায় একই স্থানে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।
একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানে ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছে, এমন নয়। মন্ত্রিসভার আসনসংখ্যার চেয়ে কিছু গাড়ি অতিরিক্ত প্রস্তুত রাখা হয়। অধিকাংশ মন্ত্রী গাড়ি নিলেও কেউ কেউ নেন না।
গতকাল সোমবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা শপথের চূড়ান্ত মহড়া সম্পন্ন করেছেন। সেখানে অন্তত ৪০ জন সম্ভাব্য মন্ত্রীর মহড়া করা হয়েছে। শপথপত্র রাখার স্ট্যান্ডও ৪০টি প্রস্তুত করা হয়েছিল। অতীতের নজির অনুযায়ী, সর্বোচ্চ ৫৭ জনের মন্ত্রিসভা গঠনের সুযোগ থাকায় ৬০টি গাড়ি ও গানম্যান প্রস্তুত রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ নিশ্চিত করেছে, সব ধরনের প্রয়োজনীয় গাড়ি ও নিরাপত্তা ব্যবস্থা শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত।