নতুন সরকারের প্রথম কর্মদিবস: সচিবালয়ে দায়িত্ব পালন শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করবেন প্রধানমন্ত্রী। কর্মদিবসের শুরুতে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং পরে সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।
এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে সচিবালয়েই মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন।
পরে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।