রাষ্ট্র সংস্কারের মাধ্যমে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশাবাদ জামায়াত আমিরের
রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের ‘আবর্জনা’ দূর করার লক্ষ্য নিয়ে তারা কাজ করতে চান। তার মতে, সবাই নিজ নিজ জায়গা পরিষ্কার রাখলে সামগ্রিকভাবে দেশ পরিচ্ছন্ন হয়ে উঠবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তন না হলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বে আসতে পারতেন না এবং তিনিও বিরোধীদলীয় নেতা হওয়ার সুযোগ পেতেন না। তাই সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।