প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজ আর সক্রিয় থাকবে না
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।
পোস্টে বলা হয়, গত ১৮ মাসে সকলের সহযোগিতা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে। পাশাপাশি সমর্থন, সহযোগিতা ও সমালোচনা এই যাত্রাকে আরও মূল্যবান করেছে বলেও উল্লেখ করা হয়। পোস্টটি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে তার প্রেস উইং প্রকাশ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর মঙ্গলবার নতুন সরকার গঠন করে বিএনপি। এদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়ার গেজেট প্রকাশ করে। এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে প্রধান উপদেষ্টার নামে চালু হওয়া ভেরিফায়েড পেজটি প্রেস উইং পরিচালনা করত এবং সেখান থেকে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও তথ্য প্রকাশ করা হতো।