মুক্তিযুদ্ধ দেশের জন্ম, ‘২৪’ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই: আমীর খসরু
নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের জন্মের যুদ্ধ এবং ‘২৪’-এর আন্দোলন ছিল স্বৈরাচার পতন ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। তার মতে, উভয়েরই নিজস্ব মূল্যবোধ রয়েছে এবং সেগুলোকে সম্মান করা উচিত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও ‘২৪’-এর আন্দোলন পরস্পরবিরোধী নয়; বরং নিজ নিজ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। তিনি জানান, মুক্তিযুদ্ধের ভিত্তিতেই বাংলাদেশের জন্ম হয়েছে এবং সেই যুদ্ধে আত্মত্যাগকারী বীরদের প্রতি সম্মান জানানো জাতির দায়িত্ব। বিভিন্ন উপলক্ষে তাদের স্মরণ করা তাই প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশ প্রতিষ্ঠার পর নানা আন্দোলন ও বিপ্লবে মানুষ জীবন দিয়েছে—সবাইকে সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে। জাতির গর্বিত সন্তানদের সম্মান করতে না পারলে দেশের অগ্রগতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী দাবি করেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন, তাদের মধ্যে বিএনপি অন্যতম ভূমিকা রেখেছে। জনগণের স্বার্থ ও দেশের কল্যাণে বাংলাদেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।