দুদকের মামলায় অভিযোগপত্র গ্রহণ, আদালতের পরোয়ানা জারি
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ অভিযোগপত্র গ্রহণ করেন। তবে আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল ও পরে রেজিস্ট্রি করেন। এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে।
পরবর্তীতে তদন্ত শেষে গত বছরের ১১ ডিসেম্বর দণ্ডবিধির বিভিন্ন ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দ সংক্রান্ত পৃথক তিন মামলায় টিউলিপ সিদ্দিকের ছয় বছরের কারাদণ্ডের রায় হয়েছিল।