গাড়িবহর কমিয়ে ৪টি, পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন প্রধানমন্ত্রী
সরকারি গাড়ির পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজস্ব গাড়ি, নিজস্ব চালক এবং নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, বুধবার সকালে গুলশানের বাসা থেকে সাদা রঙের ব্যক্তিগত টয়োটা গাড়িতে করে প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। যানজট ও জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা কমিয়ে ১৩-১৪টি থেকে ৪টিতে নামিয়ে আনা হয়েছে। বর্তমানে তিনি পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে।
আতিকুর রহমান রুমন আরও জানান, এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতে যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে—এসব বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় রাজধানীর সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের সারিবদ্ধ অবস্থান বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।