নিজেকে ‘জনগণের কর্মী’ হিসেবে উল্লেখ করলেন ধর্মমন্ত্রী
বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, তিনি নিজেকে ‘মাননীয় মন্ত্রী’ হিসেবে নয়, বরং জনগণের কর্মী বা ‘কামলা’ হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। জনগণের সেবার দায়িত্ব পালনের জন্যই তিনি দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী বলে সম্বোধন করলে আমার ভালো লাগে না। জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের কাজ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জনগণের কর্মী হিসেবে দায়িত্ব দিয়েছেন। তাই কায়কোবাদ বললেই হবে।’
এ সময় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে বিশেষ আহ্বান জানান তিনি। ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মুসলমান ভাই-বোনদের অনুরোধ করছি, এই পবিত্র মাসে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন—যেন তিনি আমাদের হেদায়েত দান করেন, সঠিক বুঝ দেন এবং আমরা আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করতে পারি।’