পবিত্র রমজান উপলক্ষে অফিস ও ব্যাংকের সময় পরিবর্তন
পবিত্র রমজান মাস শুরু হওয়ায় সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সম্প্রতি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসে সরকারি অফিসগুলো রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়সূচির মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
তবে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় পৃথক সময়সূচি নির্ধারণ করবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের লেনদেন চলবে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ব্যাংকের অফিস সময় থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে এ সময়েও লেনদেন চালু রাখা যাবে।
আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই সময়সূচি প্রযোজ্য হবে—সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এদিকে আদালতের কার্যক্রম রমজানে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আদালতের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।