সিন্ডিকেট ভাঙার ঘোষণা, রমজানে অতিরিক্ত মুনাফা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
দলীয় বা রাজনৈতিক প্রভাব নয়, বরং আইনের শাসনকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার সব ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে আহ্বান জানান, পবিত্র রমজান মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সময় হিসেবে ব্যবহার না করতে।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে যারা ভোট দিয়েছেন বা দেননি—সেই বিভাজন ভুলে সরকারের কাছে সব নাগরিকের অধিকার সমান। দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও দুর্বল হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সরকারের প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে দেশে জুয়া ও মাদকের বিস্তার সামাজিক অস্থিরতা ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে উল্লেখ করে এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের সব সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নিয়ম ও নীতির আলোকে পরিচালিত হবে এবং কোনো ধরনের দলীয় প্রভাব, রাজনৈতিক চাপ বা ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না।
ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।