শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হলেন সালেহ শিবলী

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হলেন সালেহ শিবলী

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হলেন সালেহ শিবলী

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের সন্তান সালেহ শিবলী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপনে জানানো হয়, আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী নামে পরিচিত) অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সচিব পদমর্যাদা ও নির্ধারিত বেতন (৭৮ হাজার টাকা) নিয়ে চুক্তিভিত্তিকভাবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি—যেটি আগে ঘটবে—পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে।


এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তারেক রহমানের প্রেস সচিব হিসেবে কাজ করেছেন সালেহ শিবলী। চারদলীয় জোট সরকারের সময় তিনি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন।


সাংবাদিকতা পেশায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারীর ক্ষমতায়ন বিষয়ে জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত ‘এশিয়ান ব্রিজ’ ম্যাগাজিনে তার একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে।


গণমাধ্যম ও প্রশাসন সম্পর্কিত বিষয়ে পিএইচডি অর্জনকারী সালেহ শিবলী বর্তমানে অস্ট্রেলিয়া-ভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর নন-রেসিডেন্ট ফেলো হিসেবেও যুক্ত রয়েছেন।