আইনশৃঙ্খলা খাতে পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হওয়ায় জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। সেই প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীতে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নের জন্য প্রথমে অগ্রাধিকার নির্ধারণ জরুরি। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতার মানোন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের ওপর জোর দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে নতুন জনবল নিয়োগ প্রয়োজন, যার জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুমোদন দরকার হবে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
সভায় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।