শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত টিমওয়ার্কের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত টিমওয়ার্কের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত টিমওয়ার্কের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি টিমওয়ার্কের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত পরিচিতিমূলক সভায় তিনি এ আহ্বান জানান।


মন্ত্রী বলেন, নতুন সরকারের প্রথম ছয় মাস নিয়ে মানুষের আগ্রহ বেশি থাকে। তাই এই সময়টিতে গতি ও দক্ষতার সঙ্গে কাজ করে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে দলগতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


তিনি জানান, মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে আলাদাভাবে বৈঠক করে কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হবে। নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নকে সামনে রেখে তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা সম্ভব এমন কাজগুলো চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।


প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। মন্ত্রণালয়ের কার্যক্রম দ্রুত বাস্তবায়নে পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় জোরদারেরও নির্দেশনা দেন তিনি।


প্রবাসীদের কল্যাণ ও অধিকার রক্ষায় এখন পর্যন্ত কতজনকে সহায়তা দেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য চেয়ে মন্ত্রী বলেন, কোন দেশ থেকে কতজন প্রবাসী সহায়তা পেয়েছেন—এ বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে।


এছাড়া আন্তর্জাতিক শ্রমবাজার কোথায় এবং কেন বন্ধ রয়েছে, তা পুনরায় চালুর জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এসব বিষয়ে দ্রুত একটি বিশদ প্রতিবেদন তৈরির নির্দেশ দেন তিনি।


মন্ত্রী কর্মকর্তাদের আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে।